বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শনিবার (৩ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে গাছের চারা ও পোনা মাছ অবমুক্ত এবং ঐতিহাসিক ‘ম্যানেজার বাংলো’ পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পনির চেয়ারম্যান শেখ কবির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মন্জুর আহসানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
তেলিয়াপাড়া স্মৃতিসৌধের তথ্য মতে, ১৯৭১ সালে ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে বসেছিল মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক। এতে মাতৃভূমিকে স্বাধীন করতে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত ২৭ জন সেনা কর্মকর্তা অংশ নিয়েছিলেন। এই বৈঠকে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এস কে ও জেড, ফোর্স গঠন করাসহ মুক্তিযুদ্ধবিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুদ্ধকালীন তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি ছিল ৩ নম্বর সেক্টর কার্যালয়।