ইনজুরি কাটিয়ে দলীয় অনুশীলনে যোগ দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এরপর থেকেই গুঞ্জন ছিল নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও অধিনায়ক থিয়াগো সিলভা।
সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় স্টেডিয়াম ৯৭৪-এ শেষ ষোলো'র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাকে প্রশ্ন করা হয় নেইমার খেলার জন্য কি ফিট? থিয়াগো সিলভা এক শব্দে উত্তর দেন, 'হ্যাঁ'। এরপর সেলেসাও কোচ তিতেও বলেন, ‘রোববার বিকেলে অনুশীলন করেছে নেইমার। যদি সে ভালো থাকে, খেলবে। আমি এমন কোনও তথ্য দিতে চাই না যা সত্যি নয়। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই খেলবে নেইমার।’
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ের বিপক্ষে খেলতে নেমে মারাত্মকভাবে চোট পান নেইমার। তার পা মচকে যায়। এরপর আর গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নাম হয়নি তার। তবে নক আউট পর্ব দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার।