দুঙ্গা ও কাফুর পাশে সিলভা

তার কাছে বয়সটা শুধুই যেন একটা সংখ্যা। ৩৮ বছর বয়সে এসেও বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করছেন দলকে এবং প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য বাধার দেয়াল তুলে দাঁড়াচ্ছেন ব্রাজিলের রক্ষণভাগে। থিয়াগো সিলভার কাঁধে আবার ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে। এই সেন্টারব্যাকের নেতৃত্বেই বিশ্বকাপ জয়ের মিশনে কাতারে এসেছে সেলেসাওরা। আর বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েই সিলভা গড়ে ফেলেলেন অনন্য এক মাইলফলক।     

থিয়াগো সিলভার নেতৃত্বে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত খেলে নক-আউট নিশ্চিত করে ফেলে ব্রাজিল। তাই অনেকটা নির্ভার থেকে গ্রুপের শেষ ম্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বসিয়ে বেঞ্চের একাদশ নিয়ে দল সাজায় ব্রাজিল কোচ তিতে। সিলভাকেও দেওয়া হয়েছিলো বিশ্রাম। তাতেই যেন ফুটে উঠলো দলে সিলভার প্রয়োজনীয়তা।  

নক-আউটে আবারও পূর্ণ শক্তির ব্রাজিল নামলো মাঠে, সেলসাওদের আর্মব্যান্ড হাতেই নামলেন সিলভা। মাঠে নেমেই ছুঁয়ে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি দুই অধিনায়ক দুঙ্গা ও কাফুকে। বিশ্বকাপের মঞ্চে এই দুই সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন ১১ ম্যাচে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্মব্যান্ড হাতে নেমেই বিশ্বকাপজয়ী দুই অধিনায়ককে ছুঁয়ে ফেললেন সিলভা। সামনে কোয়ার্টার ফাইনালে ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমে এখন তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ সিলভার জন্য।

এর আগে ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। মাঝে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাদ দিয়ে এবার ২০২২ সালে কাতার বিশ্বকাপে আবারও হলুদ জার্সিধারীদের নেতৃত্ব দিচ্ছেন সিলভা।