খুলনা হকার্স মার্কেটে আগুন, পুড়েছে ৩ দোকান

খুলনায় বড় বাজার এলাকার খাজা খান জাহান আলী হকার্স মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।  বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বড় বাজারের ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। 

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কেটের তিনটি দোকান পুড়ে যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ারীর দোকান ও গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরো দু-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বয়রা স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে দুটি ও খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুনে ৩টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে একটি কসমেটিকসের দোকান, একটি তারের দোকান ও একটি রঙের দোকান। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।