ফের উত্তপ্ত হচ্ছে সীতাকুণ্ড 

সীতাকুণ্ডে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) যুবলীগের কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টার মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণে এক যুবলীগ নেতাসহ ২ জন আহত হয়েছেন। অপরদিকে এক বিএনপির নেতার বাড়িতে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

সরেজমিনে গেলে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় বারৈয়াঢালা ইউনিয়নের তেরিয়াইল বাজারে ৯নং ওয়ার্ড যুবলীগ কার্যালয় উদ্বোধন করার ৪ ঘণ্টার মধ্যে একদল দূর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলোপাথাড়ি মারধরে ৯নং ওয়ার্ড সভাপতি মো. তারেক ও যুবলীগ কর্মী মো. মাসুদ গুরুতর আহত হয়। পরে কার্যালয়ে হামলাকারী দূর্বৃত্তদের গ্রেফতারের দাবী তারা বাজারে বিক্ষোভ মিছিল করে।

অপরদিকে বুধবার বিকাল ৫ টায় বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের বাড়িতে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। 

বিএনপি নেতা শরীফ চৌধুরী ইত্তেফাককে বলেন, 'স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা দিনের বেলায় প্রকাশ্যে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার চারতলা বিশিষ্ট বাড়ির দরজা-জানালার কাচসহ ব্যাপক ভাঙচুর করে। তবে কেউ হতাহত না হলেও আমার প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন জানান, 'হামলার ঘটনা আমি অবগত হয়েছি।'

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. তোফায়েল আহমেদ বলেন, 'হামলার বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'