নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার পাকিস্তান হাউস হিসেবে পরিচিত জুলহাস মিয়ার বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রানা। এ ঘটনায় স্ত্রী রোজি পালাতক। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা আহম্মদ আলী জানান, স্ত্রী ও তার সঙ্গে থাকা লোকজনের হামলার শিকার হয়ে গভীর রাতে মোহাম্মদ রানা চিৎকার করলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ঘটনা রাত দুইটা থেকে আড়াইটার মধ্য ঘটেছে। রাত ৩টার দিকে আমাদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।