রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভূত)।’
এর আগে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে জার্সি পরিহিত ওই ব্যক্তিকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। এরপর তার পরিচয় নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।