ভোলায় সরকারি ৯৪ বস্তা বীজসহ ব্যবসায়ী আটক

ভোলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) বীজ বিক্রি করার দায়ে মানিক নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা থানা পুলিশ। এসময় ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলুর বীজ জব্দ করা হয়।

আটককৃত মানিক ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সের মালিক ও আবহাওয়া অফিস রোডের বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিল দেওয়া বস্তা ভর্তি গম, ধান ও আলুর বীজ বিক্রি করছেন। এসময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিককে আটক করে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মানিক জানায়, তিনি এই বীজ জেলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভাণ্ডারের মালিক নাজিমের কাছ থেকে ক্রয় করেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেননি।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন উকিল জানান, স্থানীয়রা সরকারি সিল সম্বলিত ৯৪ বস্তা গম, ধান ও আলু বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিককে ৯৪ বস্তা সরকারি বীজসহ আটক করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।