'ব্রাজিলের অনুপ্রেরণা পেলে'

কাতার বিশ্বকাপে নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গত আসরের রানার আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের কালা মানিক পেলে ব্রাজিলের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন সেলেসাও কোচ তিতে।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই করছেন তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে। শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ নভেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় ৮২ বছর বয়সী পেলেকে। এরপর কেমোথেরাপি কাজ না করায় পেলেকে নেওয়া হয় প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। মাঝে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও সেই গুজব উড়িয়ে দিয়ে নিজেই জানান তিনি ঠিক আছেন। নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে বার্তা দেন পেলে। নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া জয় পেলেকে উৎসর্গ করেছিলো নেইমারার। কিংবদন্তির সুস্থতা কামনায় ম্যাচ শেষে দলের সব খেলোয়াড় দাঁড়িয়ে গেছেন পেলের প্ল্যাকার্ড হাতে নিয়ে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেলে প্রসঙ্গে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘আমরা পেলের সুস্বাস্থ্য কামনা করি। উনি আমাদের অনুপ্রেরণা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ও একজন মানুষ হিসেবেও বিশ্বকাপের প্রত্যেকে পেলের সঙ্গে আছে। এটাই খেলার সবচেয়ে বড় সার্থকতা।’