বিনোদন রিপোর্ট
ঘনিয়ে আসছে ‘অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচন। আগামী ২১ জুন রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হতে লড়ছেন ছোটপর্দার একঝাঁক তারকা। ‘জিতবে একুশ জন, হারবে না কেউ’—শ্লোগানে এবার নির্বাচনে ৫২ জন শিল্পী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার মধ্যে সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন ২১ জন। তাঁদের নিয়েই গঠিত হবে আগামী দু-বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬০৬। আসন্ন নির্বাচনে গুণী নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের আগে বর্তমানে প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্ত্বরের চেহারাও একই। প্রতিদিন প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের আগ মুহূর্তে শিল্পকলায় বইছে নির্বাচনী হাওয়া। বর্তমান সভাপতি শহীদুল আলম সাচ্চু এবার নির্বাচন করবেন না। তবে নির্বাচন বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন প্রতিবারের মতো এবারো চাই। আর সেই চাওয়াটা পূরণ হবে সেটিও বিশ্বাস করি। নির্বাচন মানেই কোনো প্রার্থীকে হারতে হবে। তবে আমরা অভিনয়শিল্পীরা একটি পরিবার। নির্বাচনের ফলাফল যাই হোক সেই প্রভাব যেন কাজে না পড়ে। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে।’
সভাপতি পদে লড়ছেন ৩ জন লড়ছেন এবার। তাঁরা হলেন শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। ৩টি সহ-সভাপতি পদের জন্য লড়ছেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার, ইউজিন ভিনসেন্ট গোমেজ ও ইকবাল লাবু।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। দুটি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়ার জন্য লড়ছেন আশরাফ কবীর, আসিনুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হচ্ছেন লুত্ফর রহমান জর্জ।
অর্থ-সম্পাদক পদের জন্য লড়ছেন নূর এ আলম ও মাঈন উদ্দিন আহমেদ। দপ্তর সম্পাদক পদের জন্য লড়ছেন ৪ জন। তাঁরা হলেন আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম।
অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন জিনাত সানু স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদকের একটি পদে লড়ছেন মম শিউলী, শামীমা ইসলাম তুষ্টি ও শিরিন আলম।
প্রচার ও প্রকাশনা পদে নির্বাচন করছেন প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন সিরাজুল ইসলাম ও সুজাত শিমুল। কার্যনির্বাহী সদস্য হিসেবে ৭ জন নির্বাচিত হবেন। সেই পদে লড়াই করছেন জাকিয়া বারী মম, রাজিব সালেহিন, বন্যা মির্জা, নাদিয়া আহমেদ, তানভীর মাসুদ, নুরুন জাহান বেগম, রেজাউল রাজু, মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম যুবরাজ, জাহিদ চৌধুরী, নিথর মাহবুব, সনি রহমান, শামস সুমন, আবদুর রাজ্জাক, সূচনা সিকদার ও সেলিম মাহবুব।