বন্ধুকে গুলি করে খুন করার অভিযোগে একজন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে ফ্লোরিডার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
অ্যান্ড্রু লসন নামে ওই পুলিশকর্মী প্রিয় বন্ধু অস্টিনের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন। দুই বন্ধুই পুলিশকর্মী ছিলেন। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় অ্যান্ড্রু এবং অস্টিন ভিডিও গেম খেলছিলেন। খেলাটি নিয়ে তৈরি হয়েছিল বেশ উত্তেজনা। খেলা শেষ হয়ে গেলেও রেশ কাটছিল না। হঠাৎই আলমারি থেকে নিজের পিস্তল বের করে খেলার ছলে তাক করেন অস্টিনের দিকে। কিন্তু পিস্তলে গুলি ভরা ছিল জানতেন না অ্যান্ড্রু । হঠাৎই ট্রিগারে চাপ পড়ে অস্টিনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
অ্যান্ড্রু হতবাক হয়ে পরেন এবং নিজেই থানায় ফোন করে পুরো বিষয়টি জানান। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গ্রেফতার করা হয় অ্যান্ড্রুকে।
তদন্তকারী পুলিশ আধিকারিক আইভে জানান, ‘অ্যান্ড্রু এবং অস্টিন দুজনেই পুলিশ হিসাবে দারুণ কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও ছিল গাঢ়। একসঙ্গেই থাকতেন।’
অ্যান্ড্রু এবং অস্টিনের অন্য এক জন সহকর্মী বলেছেন, ‘অ্যান্ড্রু ভীষণ মাথাগরম একজন মানুষ। খুব সামান্য কারণেও রেগে থাকতেন তিনি। কী কারণে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনই জানা সম্ভব নয়। তদন্ত হলে সত্য জানা যাবে।’