রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি মুগদা হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেলে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।