ইংল্যান্ড-ফ্রান্স

ডাগআউটের লড়াই

ফুটবলে খেলোয়াড়দের মাঠের লড়াইটাই মূল আকর্ষণ। তবে ডাগআউটে কোচদের লড়াইটাও কম আকর্ষণীয় নয়। আধুনিক গতিময় ফুটবলে কোচদের ট্যাকটিকস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ডাগআউটের সেই লড়াইটা আরো বেশি আকর্ষণীয় হবে বলেই মনে হচ্ছে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউটগেট ডাগআউটে দাঁড়িয়ে কি খেলাটা খেলবেন, তার একটা ধারণা নেওয়া যাক—

দিদিয়ের দেশম (ফ্রান্স)

ইতিহাসে মাত্র তিন জন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। দিদিয়ের দেশম তার এক জন। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতান দেশম। ২০১৮ সালে এই দেশমই কোচ হিসেবে সম্পূর্ণ তারুণ্যনির্ভর দল নিয়ে ফ্রান্সকে জেতান দ্বিতীয় বিশ্বকাপ। দেশকে তৃতীয় বিশ্বকাপ জেতানোর মিশন নিয়ে এসেছেন কাতারে। লক্ষ্য পূরণের পথে এখনো পর্যন্ত অবিশ্বাস্য ফুটবল খেলছে ফ্রান্স। দাপট দেখিয়েই আজকের কোয়ার্টার ফাইনালে তারা। দেশমের পছন্দের ফরমেশন মূলত ৪-৫-১। তবে বহুল প্রচলিত ৪-৩-৩, ৩-৪-৩ বা ৩-৪-১-২ ফরমেশনেও খেলিয়ে থাকেন দলকে। নিজে ডিফেন্ডার হলেও আক্রমণাত্মক কৌশলই যে তার পছন্দ, তা প্রমাণিতই। কাতারে আগের চার ম্যাচে ৪-৩-৩ ও ৪-৫-১, এই ফরমেশনেই খেলিয়েছেন দলকে।  দুটি ম্যাচে বেছে নেন ৪-৩-৩ ফরমেশন। বাকি দুটিতে ৪-৫-১। বার্তাটা পরিষ্কার, প্রতিপক্ষ বুঝে ফরমেশন ঠিক করেন তিনি। তাছাড়া ম্যাচ চলাকালেই ফরমেশন বদলাতেও উস্তাদ। খেলোয়াড় বদলেও দারুণ দক্ষ দেশম। আজ ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষায় ৫৪ বছর বয়সি দেশম কোন পথে হাঁটেন, তা নিয়ে কৌতুহল থাকছেই।

গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)

তার ক্যারিয়ারটা দিদিয়ের দেশমের মতো আলো ঝলমলে নয়। সেটা খেলোয়াড় এবং কোচ, দুই ভূমিকাতেই দেশমের চেয়ে পিছিয়ে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। খেলোয়াড় হিসেবে বড় কিছুই অর্জন করেননি। কোচ হিসেবেও শিরোপা সাফল্য নেই। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে বড় একটা চমকই উপহার দিয়েছিলেন সাউথগেট। টুর্নামেন্টের আগে ইংলিশদের নিয়ে তেমন আলোচনাই ছিল না, সেই ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তার পুরস্কার হিসেবে কোচ হিসেবে তাকেই রেখে দেয় ইংল্যান্ড। এবার কাতার বিশ্বকাপেও তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে ইংল্যান্ড। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও কোচ হিসেবে আক্রমণাত্মক ফুটবলই তার দর্শন। পছন্দের ফরমেশন ৪-৩-৩। কাতার বিশ্বকাপে নিজেদের ৪ ম্যাচেই এই একই ফরমেশনে দলকে খেলিয়েছেন সাউথগেট। মানে এখনো পর্যন্ত তিনি কৌশল পরিবর্তনের পথে হাঁটেননি। প্রয়োজনও পড়েনি। দল জয়ের রাস্তায় থাকলে মাতাব্বুরির দরকার কি! তবে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফ্রান্সের বিপক্ষে ফরমেশন বদলাতে পারেন ৫২ বছর বয়সি সাউথগেট। কারণ, ফ্রান্স দলটিতে রয়েছে এমবাপ্পে, দেম্বেলের মতো গতিশীল ফরোয়ার্ড। তাদের আটকাতে সাউথগেট দরকার হলে আজ রক্ষণাত্মক কৌশলের আশ্রয় নিতে পারেন।