ইত্তেফাক রিপোর্ট
২০১৯-২০২০ অর্থবছরের ঘোষিত বাজেটে শেয়ারবাজারের জন্য যেসব প্রস্তাব করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। গতকাল রবিবার ঢাকার সিএসইর প্রধান কার্যালয়ে বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসইর সচিব রাজীব শাহা এবং উপ-মহাব্যবস্থাপক হাসনাইন বারী।
সংবাদ সম্মেলনে মো. গোলাম ফারুক বলেন, প্রস্তাবিত বাজেটে রুগ্ন কোম্পানিকে ভালো কোম্পানি কর্তৃক একত্রীকরণ/অধিভুক্ত করার কথা বলা হয়েছে। এটি শেয়ারবাজারের জন্য একটি ভালো প্রস্তাব। তিনি আরো বলেন, ঘোষিত বাজেটে নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস লভ্যাংশের উপর ১৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে রিটেইনড আর্নিংস বা রিজার্ভ যদি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হয় তবে বাড়তি রিজার্ভের উপর ১৫ শতাংশ হারে করের প্রস্তাব করা হয়েছে। যা কোম্পানিগুলোকে নগদ লভ্যাংশ প্রদানে উত্সাহিত করবে। একইসঙ্গে বিনিয়োগকে উত্সাহিত করার জন্য লভ্যাংশ আয়ের দ্বৈত কর তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।