শর্তে বালকবেলা
নাসির আহমেদ
নিঃশব্দে মেঘের ওড়াউড়ি
সুতো ছেঁড়া যেন শত শত সাদা ঘুড়ি
আদিগন্ত জলহীন মেঘের উড়াল
সতেজ লাস্যময়ী পত্রালি সজ্জিত যত ডাল
ভোরের শিউলিঝরা মৃদু কুয়াশার মায়াঘ্রাণ
কোমল জ্যোৎস্নায় জাগে রজনীগন্ধার সুপ্ত প্রাণ।
গরম ভাতের ধোঁয়াওড়া জুঁইফুল ভাতে
মা-র হাতপাখার হাওয়া
অথবা চায়ের কাপে ধোঁয়ার সঙ্গে
সাদা মেঘ ভেসে যাওয়া...
শৈশবের এইসব আশ্চর্য স্মৃতির
গন্ধমাখা যে আবেগ
সেই দূর শরতের ভেসে যাওয়া
নিরুদ্দিষ্ট মেঘ এখনো তো পিছুটানে,
উঠোনে মায়ের ভেজা শাড়ি ওড়ে
ঘুমভাঙা কাক ডাকা ভোরে...
কবেকার শরতের ঝিরিঝিরি
না-শীত, না উষ্ণ মৃদু হাওয়া
স্নায়ুতে লাফায় স্মৃতি সবুজ ফড়িংগুলো
বালকবেলায় ফিরে যাওয়া।...
(৫ ডিসেম্বর কবি নাসির আহমেদের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা)
-----------------------------------
থমকে দাঁড়ায়
সুপ্রসাদ গোস্বামী
সহসা আমার তীব্র দৃষ্টি অকস্মাত্ থমকে দাঁড়ায়,
দূর নীলিমায় সুরমা রং পাহাড়ের চলিষ্ণু চূড়ায়।
নৈঃশব্দ্যের ভেতর দিয়ে সবিস্ময়ে চেয়ে থাকি
নিষ্পলক অযুত বর্ষ ধরে...
আমি চেয়ে থাকি ফুল ও ফলভারে সন্নত
বসুন্ধরার সহস্র কোটি মানবের দিকে।
আমার চোখের সামনে থেকে অপসৃয়মাণ
এক বিশাল রুপালি পর্দার আড়ালে
তোমাকে আবিষ্কার করি আর, মূর্তিমান দ্রষ্টার মতো
চেয়ে দেখি, তোমার জ্যোতির্ময় এক চোখে
বহমান গঙ্গা আরেক চোখে ভলগা...
-----------------------------------
কবন্ধ অন্ধকার
বাবুল আনোয়ার
পাড় ভাঙে না এখন
নদী ভাঙে মর্মরিত জলের ধারায়
চোখ পোড়ে না এখন
পোড়ায় তেজন দহন
কবন্ধ অন্ধকারে পোড়ে
আলোর নাচন।
-----------------------------------
হাহাকার
মুহাম্মদ আল-মামুন
ভালোবেসে কষ্ট পাই
কষ্ট পেয়ে ভালোবাসি
চোখে চোখে তাকিয়ে
উত্তর খুঁজি।
আকাশে তাকাই
বিস্তীর্ণ বিশালতায়
কাউকে খুঁজি হয়তো
নিষ্ফল শূন্যতায়।
মাঠের পর মাঠ
সবুজের ঢেউ
হূদয় বালুচরে
কারো পদচিহ্নের আকাঙ্ক্ষা।
জীবন, রংচটা জীবনটায়
থমকে থাকা নিজেকে
অসহায়, ভবঘুরে
কিংবা সুতাকাটা
ঘুড়ি মনে হয়।
-----------------------------------
আশ্চর্য প্রেমের শহর
মীনা সাহা
ধীর পায়ে হেঁটে যাও বিষাদ গোধূলি
আশ্চর্য প্রেমের এই শহরে
রক্তবন্যা ললনার কম্পিত ঠোঁটে
এঁকেছ অবুঝ এক জাদুকরি স্বরবর্ণা নদী
বৃক্ষের ছায়ায় রাখা কিছু শীতার্ত বাতাস...
জটিল অঙ্কের সিঁড়ি বেয়ে নামা
শহরে শহরে বৃহন্নলা প্রেম
গহীন বৃত্তান্ত এক জীবনের দুর্বোধ্য যামে
এঁকে রাখা অনুবাদী হেমন্ত আলাপ...
মলিনতা...কিছু ছায়া...কিছু ছল...কিছু এনাটমি
প্রহরে প্রহরে জাগা রঙিন পতঙ্গ চোখ...জলছবি
হেঁটে যাওয়া রাস্তার দুধার আর
আশ্চর্য নিয়ন বাতি