নেতৃত্বে প্রস্তুত বাটলার

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইয়ন মরগ্যানের খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ, সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে, নেতৃত্বের দায়িত্বটা এবার বাটলারে হাতে উঠতে পারে। বাটলার নিজেও প্রস্তুত।

সহ-অধিনায়ক বাটলারও বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে পারেননি। তবে বর্তমানে পুরোপুরি ফিট বাটলার জানিয়েছেন নেতৃত্বের দায়িত্ব আসলে তা পালনে পুরোপুরি প্রস্তুত তিনি। ২৮ বছর বয়সী বাটলার বলেন, ‘একই সঙ্গে উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করা কোনো সমস্যা নয়। দেশকে নেতৃত্ব দেওয়া অবশ্যই সম্মানের, আর সেই কাজটি ভালোভাবেই করতে চাই। উইকেটের পিছনে থাকলে পুরো মাঠটি সুন্দরভাবে দেখা যায়। তারপরেও দুটি কাজ ভিন্নভাবে পালন করাই আমার দায়িত্ব। এবারের দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে অধিনায়ককে নিজের মনের থেকেই অনেকই বিভিন্ন মতামত দিয়ে থাকে যা অনেক সময়ই কাজে আসে।’ যদিও, মরগ্যানের খেলার ব্যাপারে আশাবাদী বাটলার। তিনি বলেন, ‘আশা করছি মরগ্যান খেলতে পারবে। তার ও জেসনের স্ক্যান রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই তাদের সুস্থতা কামনা করছি।’

তবে তিনি একইসঙ্গে জানিয়েছেন মরগান সময়মতো সুস্থ হয়ে উঠতে না পারলে ইংল্যান্ডের মানসিকতায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। বাটলার বলেন, ‘আমরা মরগ্যানের অধীনে দীর্ঘদিন খেলেছি। আমি মনে করি সে একজন দুর্দান্ত অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে তার কাছ থেকে কিছুটা হলেও শেখার চেষ্টা করি। ম্যাচ সম্পর্কে তার সঙ্গে আমার অনেক কথা হয়। আমাদের চিন্তাধারার মধ্যে বেশ মিল রয়েছে।’ রয় ও মরগান শেষ পর্যন্ত সাউদাম্পটনে খেলতে না পারলে টেস্ট অধিনায়ক জো রুটকে ব্যাটিং অর্ডারে উঠিয়ে আনা হবে। ইতোমধ্যেই রয় তার ফর্মের প্রমাণ দিয়েছেন। এছাড়া টম কুরান, মঈন আলী ও জেমস ভিন্সও বাটলারকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। বাটলার বলেন, ‘অবশ্যই আমরা এগিয়ে যাবার জন্য প্রস্তুত রয়েছি। দলের ১৫জন সদস্যই সমান যোগ্যতা রাখে। যে কারণে একাদশ বাছাইয়ে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়।’ - বাসস