কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬’শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক বশির লস্কর জানান, দামুকদিয়া গ্রামের মাঠের নিজের ২ বিঘা জমিতে ৬’শ কলাগাছ লাগিয়েছিলেন। কিছু দিনের মধ্যেই ফলবতী হতে শুরু করতো। শনিবার রাতে কে বা কারা তার জমির সব কলাগাছ কেটে দিয়েছে। সকালে মাঠে এসে তিনি জমির সব কলাগাছ কাটা দেখতে পান। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বশির লস্কর বলেন, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার ফসলের সঙ্গে যারা শত্রুতা করলো তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রতিবেশী আল আমিন বলেন, সকালে খবর শুনে খুবই খারাপ লেগেছে। গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে নানা রকমের দলাদলি আছে। আর দলাদলির কারণে শত্রুতাবশত এই কাজ করতে পারে। 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।