বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা অচিরেই পস্তাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা অচিরেই পস্তাবে। তাদের পদত্যাগের কারণে সংসদ অচল হবে না।’ রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে তাদের নেতা-কর্মীদের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়নও হয়েছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষ কয়েকদিন লোডশেডিং এ ভোগান্তি পোহালেও এখন কোনো লোডশেডিং নেই। দেশের রিজার্ভ কমে গিয়েছিল। বর্তমানে আমাদের ৫ মাসের আমদানির রিজার্ভ রয়েছে। আগামী বছরের ডিসেম্বর কিম্বা জানুয়ারিতে আসল খেলা হবে। তখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে।’

বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: ইত্তেফাক

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সম্মেলন সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য গোলাম মহীউদ্দীনকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।