বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে গোল্ডেন স্ট্রীচ ডিজাইন লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।
 
দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। ধীরে ধীরে সড়কটি যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলেও কারখানার ভেতরে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, গোল্ডেন স্ট্রীচ ডিজাইন লিমিটেড কারখানায় প্রায় ১৮শ শ্রমিক কাজ করে। প্রতিমাসেই মালিকপক্ষ শ্রমিকদের বেতন প্রদানের সময় হলে গড়িমসি করে সময়ক্ষেপন করে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেশ কয়েকবার বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রোববার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলনে নামে।বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
 
গোল্ডেন স্ট্রীচ ডিজাইন লিমিটেড কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। 

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন,  যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।