মোহনগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহলদেও ইউনিয়নের পশ্চিমপাড়া থেকে শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীফ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে। শরীফের ৭ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। 

শরীফের বোনজামাই জাকির হোসেন বলেন, শনিবার বিকেলে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হয় শরীফ। পরে আর বাড়ি ফেরেনি। বাড়ির সবাই ভেবেছে হয়তো বিশ্বকাপের খেলা দেখছে বাজারে বসে। তাই আর খোঁজ করেনি কেউ। কিন্তু রাতে বাড়ির কাছাকাছিতে ধানক্ষেতে শিরীফের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের চিৎকারে সবাই এগিয়ে যায়। পরিবারসহ এলাকার লোকজন ছুটে গিয়ে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীফ কৃষি কাজ করতো। 

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
 
বারহাট্টা সার্কেলের (মোহনগঞ্জ-বারহাট্টা) অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, হত্যার কিছু ক্লু পেয়েছি, সেগুলো যাচাই বাচাই করছি। আশা করছি দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারবো। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।