স্পোর্টস ডেস্ক
দলের সঙ্গে তাদের পরিবারকে থাকার অনুমতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি ছিল বিশ্বকাপের আগেও। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুট করে এই সিদ্ধান্ত পালটানো হয়। এখন থেকে স্ত্রী-পরিবারকে নিজেদের সঙ্গেই রাখতে পারবেন পাকিস্তান দলের সদস্যরা। পিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ দলের অংশ ছিলাম। তবে টুর্নামেন্ট চলাকালে বোর্ড কখনোই খেলোয়াড়দেরকে পরিবার সঙ্গে রাখার অনুমতি দেয়নি। ১৯৯৯ বিশ্বকাপে অনেক বড় বড় তারকার সমন্বয়ে আমাদের দলটি বেশ বড় ছিল। আমরা যদি আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের সঙ্গে হোটেলে রাখার অনুরোধ করতাম তাহলে তারা অনুমতি দিত; কিন্তু আমরা করিনি। কারণ বিশ্বকাপ অনেক চাপের একটা ইভেন্ট এবং খেলোয়াড়দের কেবল ক্রিকেট ও ফাইনালে পৌঁছতে নজর থাকতে হবে। ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপে এটাই ঘটেছিল।’