হুমায়ূন অ্যাওয়ার্ড আমার কাছে অস্কারের চেয়েও মূল্যবান: এসআই টুটুল

‘জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ একদিন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কোনো জাতীয় পুরস্কার পেয়েছি কিনা। উত্তরে আমি বলেছিলাম না। এরপর হুমায়ূন আহমেদ আমাকে বললেন, তোমাকে আজ হুমায়ূন অ্যাওয়ার্ড দিলাম। এরপর জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছি। কিন্তু আমার কাছে হুমায়ূন অ্যাওয়ার্ডই সেরা। আমার কাছে তা অস্কারের চেয়েও মূল্যবান।’

স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে গান গাওয়ার ফাঁকে ফাঁকে হুমায়ূন আহমেদকে এভাবেই স্মৃতিচারণ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এসআই টুটুল। 

pr

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন গান এপিটাফ ক্ল্যাসিক্যাল ধারায় পরিবেশন করেন এসআই টুটুল। নিউইয়র্কের প্রখ্যাত সেতারবাদক মোরশেদ খান অপুর সঙ্গে সঙ্গীত পরিবেশনের ইচ্ছে ছিল তার দীর্ঘদিনের। তবে দেরিতে হলেও হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে এসআই টুটুলের গানে সেতার বাজিয়ে সেই প্রত্যাশা পূরণ করেন মোরশেদ খান অপু, একথা উল্লেখ করেন এসআই টুটুল। অনুষ্ঠানে অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন এসআই টুটুল। এসময় তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকেও স্মরণ করেন। হুমায়ূন আহমেদের লেখা ও সুবীর নন্দীর গাওয়া ‘ও আমার উড়াল পঙ্খীরে’ গানটি দরদের সঙ্গে গেয়ে শোনান তিনি। দর্শকশ্রোতারা করতালির সঙ্গে গলাও মেলান। এসময় সেখানে তৈরি হয় ভিন্ন এক আবহ। 

prgrm

মঞ্চে এসআই টুটুল যত সময় গান গেয়েছেন তার চেয়ে বেশি স্মৃতিচারণ করেছেন হুমায়ূন আহমেদকে নিয়ে। আর এসব স্মৃতিচারণে বার বার উঠে এসেছে অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ। কখনো ‘সন্তানের মা’ আবার কখনো ‘আমার স্ত্রী’ বলে তানিয়া আহমেদ সম্বোধন করেন এসআই টুটুল।   

নিউইয়র্ক সিটির জ্যামাইকার পিএস-১৩১ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন টিভি ব্যক্তিত্ব ও লেখক বেলাল বেগ। এসময় তিনি বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম।

prgm

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি মিশুক সেলিমকে আহ্বায়ক ও বিশিষ্ট ছড়াকার মনজুর কাদেরকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে হিমুময় হয়ে উঠেছিল পিএস-১৩১ স্কুল প্রাঙ্গণ। লেখক-সাংবাদিক, প্রকাশক, পাঠক, পৃষ্ঠপোষক ও গণ্যমান্য দর্শনার্থীর উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গণ ছিল মুখরিত। 

পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বইসমূহ প্রদর্শন করা হয়। এছাড়াও ছিল চিত্রাঙ্কন, গানে গানে হুমায়ুন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন, হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম, আবৃত্তি :আমার আছে জল, হুমায়ুন স্মৃতিচারণ, গল্পে গল্পে হুমায়ুন। এসআই টুটুল ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, চন্দন চৌধুরী, প্রবাসের শিল্পী সেলিম ইব্রাহীমসহ অনেকে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপ।