কলমাকান্দায় সড়কে আবর্জনার স্তূপ 

নেত্রকোনার কলমাকান্দা-দূর্গাপুর সড়কে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। কলমাকান্দা উপজেলা পরিষদের সীমানা ঘেঁষে সড়কে ফেলা এসব আবর্জনার স্তূপ জমায় নষ্ট হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। দ্রুত এসব ময়লা অপসারণে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

সরেজমিনে জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র এ সড়ক দিয়ে হাজার হাজার পথচারী ও স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা নিয়মিত যাতায়াত করে। সড়কের পাশে কলমাকান্দা বাজার বাসাবাড়ির ময়লা আর্বজনা ফেলায় সড়কের এ অংশটি বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি স্যাঁতসেঁতে হয় এবং জলাবদ্ধতা দেখা দেয়। আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

নেত্রকোনা

স্থানীয় বাসিন্দা আবু হায়াত বলেন, ময়লা দুর্গন্ধের কারণে এ পথ দিয়ে যাতায়াতের সময় নাকে রুমাল দিয়ে চলতে হয়। এছাড়া উপজেলার পাশের ড্রেনের পানি প্লাবিত হয়ে মূল সড়কে বাসাবাড়ির ময়লা আবর্জনা বের হচ্ছে যার ফলে পরিবেশ দূষণ ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ক্ষতির আশংকা করেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আলী বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, বিষয়টি অবগত আছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।