একদিনে হাসপাতালে ভর্তি ২২৪ ডেঙ্গু রোগী 

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০ জনে।

সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এদের মধ্যে ঢাকায় ১১৯ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন রয়েছেন।

ডেঙ্গু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৫২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ২৭৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।