স্বপ্নটি ভালো ছিল, যতক্ষণ এটি বেঁচে ছিল: রোনালদো

নানান বিতর্ক, আলোচনা-সমালোচনা সঙ্গী করেই মরুর দেশে পা রেখেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে স্পট কিক থেকে গোল করে কিছুটা স্বস্তি দিয়েছিলেন ভক্তদের। তবে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের স্বপ্নে ইতি হয় পাঁচ বার ব্যালন ডি’অর বিজয়ী এই তারকার। 

বিশ্বকাপের মাঝে তার ক্লাব ফুটবলে অবস্থান নিয়ে একাধিক জল্পনার সূত্রপাত হয়েছিল। সেই সঙ্গে প্রিকোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে তাকে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। তা নিয়েও উঠেছিল বিতর্কের ঝড়। এবারের বিশ্বকাপটা রোনালদোর জন্য দুঃস্বপ্নের বিশ্বকাপ হলেও এখানেই প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়েন তিনি। মরক্কোর বিপক্ষে খেলতে নেমে ছুঁয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) খেলার কীর্তিও। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন রোনালদো।

পোস্টে রোনালদো লেখেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা জিতেছি। কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল দেশের নাম বিশ্বের সর্বোচ্চ জায়গায় লেখানো। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য কঠোর সংগ্রাম করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে আমি পাঁচটি বিশ্বকাপে গোল করেছি। সব সময় বিখ্যাত খেলোয়াড়দের পাশে থেকে এবং লাখ লাখ পর্তুগিজের সমর্থনে আমি আমার সবটুকু দিয়েছি। আমি কখনোই লড়াই থেকে মুখ ফেরাইনি এবং আমি কখনোই স্বপ্ন দেখা থামাইনি। দুঃখজনকভাবে গতকাল (শনিবার) সেই স্বপ্নের ইতি ঘটেছে।’ 

রোনালদো তার স্ট্যাটাসে লেখেন, ‘এটা প্রতিক্রিয়া নয়, আমি শুধু আপনাদের সবাইকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একমুহূর্তের জন্যও কমেনি।