‘২০১৮-এর মতো হবে না’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেই হারের কথা খুব করে মনে পড়ছে আর্জেন্টাইনদের। মনে পড়ছে বলেই মেসি-ত্যাগলিয়াফিকোরা প্রতিশোধের আগুনে টগবগ করে জ্বলছেন। ত্যাগলিয়াফিকোর কথাতেই সেটি স্পষ্ট। আজ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই ক্রোয়েশিয়া।  লুসাইলের এই মহারণের আগে ত্যাগলিয়াফিকো যেমন স্পষ্ট করেই বললেন, ‘২০১৮-এর মতো হবে না।’ 

২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল ক্রোয়েশিয়া। আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে।  ওই হারের ধাক্কার পরও অবশ্য শেষ ষোলোতে উঠেছিল মেসিছিল। তবে সেখানে ফ্রান্সের কাছে হেরে বিদায় হয় তাদের।

ক্রোয়েশিয়ার কাছে সেই হার এখনো আর্জেন্টাইনদের গায়ে কাঁটা দেয়। আজ সেমিফাইনালে প্রতিপক্ষ সেই ক্রোয়েশিয়া। স্বপ্নের শেষ ধাপে পা বাড়ানোর ম্যাচটি খেলতে নামার আগে আর্জেন্টিনার লেফট ব্যাক ত্যাগলিয়াফিকোর কণ্ঠে প্রতিশোধের আগুন, ‘আমরা তাদের প্রথম মিনিট থেকেই আঘাত করার চেষ্টা করবো। কালকের ম্যাচটি ভিন্ন হবে, ২০১৮ বিশ্বকাপের ম্যাচের মতো হবে না। আমরা আমাদের অস্ত্র দিয়ে তাদের আঘাত করার চেষ্টা করবো। আমরা জানি যে, তারা অনেক ভালো দল। মিডফিল্ডে তারা খুবই শক্তিশালী। তারা উইঙ্গ দিয়ে ওপরে ওঠে এবং ভালো ক্রস দেয়।’