রসিক নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

সিটি করপোরেশনের নির্বাচন ঘিরে রংপুর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সর্বত্র এখন চলছে ভোট প্রার্থনা। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাবেক এমপি হোসনে আরা লুত্ফা ডালিয়াসহ ৯ মেয়র প্রার্থী সর্মথক ও কর্মীদের নিয়ে  রাতদিন ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে কাউন্সিলরদের ভোটযুদ্ধ। সাদা কালো পোস্টারে ভরে গেছে পুরো নগরী।

প্রার্থীরা সকাল হলেই লিফলেট নিয়ে বিভিন্ন এলাকায় উন্নয়নের বার্তা নিয়ে হাজির হচ্ছেন। গণসংযোগ ও নির্বাচনী পথসভায় শতশত নেতাকর্মী সঙ্গ দিচ্ছেন। প্রচারণাকালে নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া বলেন, আমি মেয়র নির্বাচিত হলে একটি আধুনিক রংপুর সিটি করপোরেশন গড়ব। গতকাল নগরীর বাহার কাছনা, চান্দকুঠি, সাতবাজার,  সাহেবগঞ্জ ও হারাগাছ এলাকায়  তিনি গণসংযোগ করেন ।

অন্যদিকে জাপার প্রার্থী মোস্তফা গতকাল নগরীর হাজিরহাট এলাকায় হেঁটে হেঁটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন। তিনি বলেন, আমরা নির্বাচনি আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করছি এবং জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত :রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন। তিনি বলেন, ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুই জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। অন্যজন হলেন বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু। কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল শুনানিতে মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বাতিল ঘোষণা হয়। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর ঘোষণা করা হয়।