১০ ঘণ্টাতেও উদ্ধার হয়নি ট্রেন, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের কালিহাতীত উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন দশ ঘণ্টাতেও উদ্ধার হয়‌নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দি‌কে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

train-1 copy

ট্রেনটি উদ্ধার না হওয়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশনে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে ও লালম‌নি এক্স‌প্রেস টঙ্গী স্টেশনসহ রাতের ট্রেনগু‌লো আটকা পড়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌ওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ক‌রিম জানান, লাইনচ্যুত মালবা‌হী ট্রেনটি এখনও উদ্ধার হয়‌নি। উদ্ধার কার্যক্রম চল‌ছে। ট্রেনের ক‌য়েক‌টি ব‌গি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশনে এবং বাকি ব‌গিগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে নি‌য়ে তারপর ক্ষতিগ্রস্ত ব‌গির কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হ‌বে।