ব্রাজিলের পুলিশ হেডকোয়ার্টারে হামলা চালিয়েছেন প্রেসিডেন্ট পদে পরাজিত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা। সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে পড়ার চেষ্টা করেন তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে যা অন্যতম বড় রাজনৈতিক সংঘাতের ঘটনা। চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে (রান অফ) লুলা দ্য সিলভার কাছে অল্প ব্যবধানে হেরে যান বলসোনারো। এরপর থেকে তার সমর্থকরা বিক্ষোভ করে আসছেন। তাদের দাবি, নির্বাচনে কারচুপি করে বলসোনারোকে হারানো হয়েছে।
হেডকোয়ার্টারে হামলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গ্রেনেড ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে বেশ কয়েকটি বাসে আগুন দেন বলসোনারোর সমর্থকরা।
এর আগে সোমবার প্রেসিডেন্ট ভবনের সামনে ব্যানার হাতে জড়ো হন শত শত আন্দোলনকারী। জোস ত্রিনদেদ নামে এক আন্দোলনকারী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জইর বলসোনারোর জয় হয়েছে। তবে তারা চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ মুহূর্তে দেশে শৃ্ঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।