জঙ্গি সম্পৃক্ততা
কোর্ট রিপোর্টার
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি তানভীর কাদরীর স্ত্রীসহ তিন নারীর বিচার শুরু হয়েছে। গতকাল রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারক মো. মজিবুর রহমান বিচার শুরুর আদেশ দেন। আগামী ২৪ জুলাই সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।
বিচারকাজ শুরুর আগে মামলায় কারাগারে থাকা তিন আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির অন্যতম সমন্বয়ক নিহত তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি ও বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের পক্ষে কোনো আইনজীবী নেই। ট্রাইব্যুনালে মামলার শুনানিতে বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জশিটে আনা অভিযোগ পড়ে শোনান। নিজেদের নির্দোষ দাবি করে তারা বিচার চান।
২০১৭ সালের ১০ ডিসেম্বর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সহকারী কমিশনার মো. আহসানুল হক ওই তিন নারীকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এর আগের বছর ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর আজিমপুরে জঙ্গিদের আস্তানায় অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয় জঙ্গি তানভীর কাদেরী। অভিযানে আহত হয় পুলিশের পাঁচ সদস্য। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন তিন জঙ্গির স্ত্রী খাদিজা, প্রিয়তি ও শায়লা।
ঘটনার পরদিন রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।