রেগে যাওয়া ‘মেসির’ মগ, টি-শার্ট বিক্রি

গোটা ফুটবল বিশ্ব ভদ্র-শান্ত খেলোয়াড় হিসেবেই চেনে আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে। তবে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের খেলায় তাকে দেখা গেল উল্টো চরিত্রে।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ঐ ম্যাচে আগে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকার ভাগ্য নির্ধারিত হয় দুই দলের।

ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডাচ একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে আগ্রাসি ভাষায় কথা বলেন মেসি এবং সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বর্তমানে মেসির সেই কথাই জনপ্রিয় হয়ে উঠেছে। ওই কথা সংবলিত টি-শার্ট, মগ ও অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে এবং ভক্তরা তা কিনে নিচ্ছে দেদারসে।

ডাচদের বিপক্ষে ঐ ম্যাচে রেফারি দুই দল এবং স্টাফ মিলিয়ে মোট ১৮টা হলুদকার্ড দেখিয়ে ছিল। মাঠে কয়েক বার লড়াইও বেধে গিয়েছিল। তাই ম্যাচ শেষে উত্তেজিত ছিল আর্জেন্টাইন অধিনায়ক। পরে এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় ডাচ স্ট্রাইকার ওউট ওয়েঘর্স্টকে ‘কী দেখছ বোকা? বেরিয়ে যাও’ বলে ধমকের স্বরে কথা বলেন মেসি। সে সময় সাক্ষাৎকার গ্রহণকারী প্রতিবেদককেও মহাতারকার দৃষ্টি আকর্ষণ করতে বেশ বেগ পেতে হয়েছিল।