দিনাজপুরে ২০০ ইটভাটার মধ্যে ১৫০টিই অবৈধ  

দিনাজপুর সদর উপজেলার খোশালপুর গ্রামে আবাদি জমির ওপর গড়ে ওঠা একটি ইটভাটার চিমনিতে লেখা আছে ‘বিহানা ব্রিক্স’। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এই ইটভাটার মালিকানা পরিবর্তনের পর নাম দেওয়া হয়েছে ‘মেসার্স এম.এম.টি ব্রিক্স’। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানোর অপরাধে গত ৭ ডিসেম্বর ঐ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানার পাশাপাশি ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর তিন দিন পরই দেখা যায় ইটভাটার চিমনি দিয়ে বের হচ্ছে ধোঁয়া, দিব্বি পোড়ানো হচ্ছে ইট। 

পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলায় স্থাপিত প্রায় ২০০ ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৫০টির। বাকি ১৫০টি ইটভাটা চালানো হচ্ছে অবৈধভাবে। 

গত কয়েক দিন ধরে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একটানা অভিযান নিয়ে যেন চলছে চোর-পুলিশ খেলা। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে একদিকে অভিযান চালাচ্ছে, অন্যদিকে ইটভাটাগুলোও দিব্বি তাদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে যেন তোয়াক্কাই করছেন না ইটভাটার মালিকরা।

খোশালপুরের সেই ইটভাটার (মেসার্স এম.এম.টি ব্রিক্স) ব্যাপারে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানো হচ্ছে ঐ  ইটভাটাটি। এজন্য গত ৭ ডিসেম্বর ঐ ইটভাটায় অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, জরিমানার পাশাপাশি ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়। কিন্তু আবার ভাটা চালু করার ব্যাপারে রবিবার বিকেলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, শুধু এই ইটভাটা নয়, ছাড়পত্রবিহীন অন্য অবৈধ ইটভাটাগুলোর ক্ষেত্রেও প্রায় একই অবস্থা চলছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দিনাজপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দিনাজপুরের সদর, পার্বতীপুর, চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় অবৈধ ১২টি ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই ১২টি ইটভাটা থেকে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার দুটি ইটভাটায় ২ লাখ টাকা, পার্বতীপুর উপজেলার তিনটি ইটভাটায় ৬ লাখ টাকা, চিরিরবন্দর উপজেলার চারটি ইটভাটায় ৬ লাখ ৫০ হাজার টাকা এবং গত সোমবার বীরগঞ্জ উপজেলার তিনটি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এসব ইটভাটা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।