রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান রিকশাকে চাপা দিলে দুই যাত্রী নিহত হন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে রাসেল স্কয়ার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের পাশের চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগামী কাভার্ডভ্যানটি রিকশার ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং দুজন আহত হন।
ওসি জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটিকে জব্দ করা গেলেও এর চালক ও চালকের সহকারি পালিয়ে যায়।