মাঝ নদীতে লঞ্চের পেছনে লঞ্চের ধাক্কায় শিশুসহ আহত ৫

ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-২ কে পেছন থেকে ফারহান-৫ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে শিশুসহ পাঁচ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন ও আরিফ জানান, বেপরোয়া গতি নিয়ে ফারহান-৫ লঞ্চটি তাসরিফ লঞ্চকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। এসময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করেন। বিকট শব্দে শিশুরা ঘুম থেকে চমকিয়ে উঠে।

ছবি: ইত্তেফাক

ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতি নিয়ে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় লঞ্চের যাত্রীরা কান্নাকাটি করতে শুরু করেন। ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের স্টাফদের ওপর চওড়া হয়। লঞ্চের দুই নারী যাত্রী আহত হয়েছেন।

তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম জানান, ফারহান লঞ্চ খামখেয়ালি করেই তাদের লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

তবে এ ঘটনায় অভিযুক্ত লঞ্চ ফারহান-৫ এর মাস্টারসহ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।