রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ঘনকুয়াশার কারণে বুধবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ৪ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে নদী পারের অপেক্ষায় শতাধিক যানবাহন অপেক্ষায় থাকে।
দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চারদিকে অন্ধকার হয়ে যায়, ফেরির মারকার বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বুধবার ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ, পরে সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় শতাধিক যানবাহন আটকে ছিল।
মাগুরা থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক আল-আমিন মোল্লা জানান, ঘনকুয়াশার কারণে ভোর ৪টা থেকে সকাল ৮ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এসময় যানবাহন পারাপার ব্যাহত হয়। ঘাটে যানবাহনের তেমন চাপ না থাকলেও ঠান্ডার প্রকোপে দূর্ভোগ পোহাতে হয়েছে চালক সহকারী ও যাত্রীদের।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ৮ টার কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে মোট ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।