বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর আরো পাঁচ নেতার ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ডিভিশন চাওয়া পাঁচ নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান। তাদের পক্ষে আইনজীবীরা এ রিট আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির বহু নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। সেদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জনকে। আদালত জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠান।