চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, এ এলাকায় কারা মাদক ব্যবসা করে তা আজ অনেকেরই জানা। হাতেগোনা কয়েকজন মাদক ব্যবসায়ীর ব্যক্তিগত লাভের জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দিতে পারি না। এমপি বলেন, আমি মাদক ব্যবসায়ীদের শেকড় উপরে ফেলার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি খুব শিগগিরই এদের ধরতে মাঠে নামবে তারা। যুব সমাজ রক্ষায় মাদক ব্যবসায়ী সে যেই হোক যে পরিবারের সন্তানই হোক কোনো ছাড় নয়। এখনই যদি আইন প্রয়োগ করে সমাজ থেকে এদের মূল উত্পাটন না করা হয় তবে আপনাদের সন্তানদের জন্য আজ যে স্কুল হচ্ছে, খেলাধুলার জন্য স্টেডিয়াম হবে, নদী ভাঙন রক্ষায় তিন শত কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ হচ্ছে এ সকল উন্নয়নই অর্থহীন হয়ে পড়বে। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন তেমনি মাদক নির্মূলেও আপনারা আমার পাশে থাকবেন। এ এলাকার সার্বিক উন্নয়ন ও আপনাদের বিপদে পাশে থাকা আমার ঈমানী দায়িত্ব। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উন্নয়ন কাজের উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন (ভিপি মোসা), উপজেলা প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. হারুনঅর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার, থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সদরপুর দিয়ারা নাড়িকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন ও চর হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. কবিরুল আলম প্রমুখ। এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় প্রায় ৪৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলীবাড়ী ঘাট ভায়া বেপারী ডাঙ্গী এবং শিকদার ডাঙ্গী সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের কবর জিয়ারত করেন এমপি নিক্সন চৌধুরী।