ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলা এলাকায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মোহনপুর গ্রামের মুস্তাক হোসেনের ছেলে শিহাব (১৮) ও মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হাসান (২২)।  

মনিরামপুর থানার ওসি শেখ মুনিরুজ্জামান জানান, উপজেলার রাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে মনিরামপুর-রাজগঞ্জ সড়ক দিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে  সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনই মারা যান।