নিখোঁজের দুই দিন পর পাওয়া গেছে ৫ বছরের শিশু মরিয়ম খাতুনের লাশ। রবিবার সকালে নাটোরের গুরুদাসপুরের দরিবামনগাড় এলাকার একটি বাঁশ বাগান থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশু মরিয়ম উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিবামনগাড় এলাকার নিজাম উদ্দিনের মেয়ে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু মরিয়ম শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল। সেখান থেকে আর বাড়ি ফিরেনি। শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। পরে শিশু মরিয়মের পিতা গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে শিশু মরিয়মের বাড়ির সামনের বাশঁবাগান থেকে পুলিশ মরিয়মের লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: মিরসরাইয়ে হত্যার পর সাবেক সেনা সদস্যের লাশ সাগরে
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, 'শুক্রবার সন্ধ্যায় শিশু মরিয়ম নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই শিশু মরিয়মের সন্ধান করছিলো পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে শিশু মরিয়মের বাড়ির সামনের বাঁশ বাগানে তল্লাশিকালে একটি ঝোপের ভেতর শিশু মরিয়মের মরদেহ পাওয়া যায়। ময়নাতন্তের জন্য শিশুর দেহটি নাটোর মর্গে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি