ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৭২ রান

বাংলাদেশ-ভারতের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রানে অল আউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৭২ রান।

ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই সাজঘরে ফিরে যান তিনি। এরপর দলীয় ৫ রানে আউট হন ওয়ান ডাউনে নামা ইয়াসির আলি। তার বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস।

অভিষিক্ত জাকির হাসানকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দলীয় ৩৯ রানে ৩০ বলে ২৪ রান করে আউট হন লিটন দাস। এরপর দ্রুতই আউট হন জাকির হাসান। দলীয় ৫৬ রানে ৪৫ বলে ২০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

এরপর দলীয় ৭৫ ও ৯৭ রানে সাকিব আল হাসান ও নূরুল হাসান আউট হলে ফলোঅনে পড়তে যায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর দলীয় ১০২ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ৫২ বলে ২৮ করে মুশফিক ও ৪ বলে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন তারা।

এরপর মেহেদী মিরাজ ও এবাদত হোসেন মিলে আর কোন বিপদ না ঘটিয়ে দিন শেষ করেন। মিরাজ ৩৫ বলে ১৬ ও এবাদত ২৭ বলে ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব ৪টি ও মোহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৭২ রান।