চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করে প্রশাসনকে হস্তান্তর করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জুইদণ্ডি ইউনিয়নের দক্ষিণ খুরুশকুল থেকে শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে একটি বাড়িতে হঠাৎ উড়ে আসে শকুনটি। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, আমরা উদ্ধারকৃত আহত শকুনটির চিকিৎসা সেবা প্রদান করে। ইউএনও অফিসে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, স্থানীরা উদ্ধার করে একটি শকুন নিয়ে এসেছে। আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছে এটি হস্তান্তর করা হবে।