পাকিস্তানে আফগান বাহিনীর গোলাবর্ষণ, নিহত ১  

সীমান্তঘেঁষা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে ফের গুলিবর্ষণ চালিয়েছে আফগানিস্তানের সীমান্ত বাহিনী। এতে অন্তত একজন পাকিস্তানি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। এর পাল্টা জবাবও পাক বাহিনী দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ ও ডনের।

স্থানীয় প্রশাসনের বরাতে বলা হয়েছে, সংঘর্ষের পর সীমান্ত ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বেলুচিস্তানের ডিএইচকিউ চামানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  

রাওয়ালপিন্ডি জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিক্যাল সুপারিন্ডেন্ট মালিক আচাকজাই বলেন, অন্তত ১২ জন চিকিৎসাধীন আছেন। দেশটির আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তারা বলেছেন, আফগান অঞ্চল থেকে পাকিস্তানের বঘরা রোড ও কাস্টম হাউস এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর গোলাবর্ষণ চালানো হয়েছে।  

কর্মকর্তারা জানান, পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।  চামানের ডেপুটি কমিশনার বলেন, মাল, বঘরা রোড বাইপাস এবং বর্ডার রোড থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। 

এর আগেও আফগানিস্তান থেকে পাকিস্তানে সীমান্ত অঞ্চলে একাধিকবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।