কলেজছাত্রীর ওপর চেতনানাশক নিক্ষেপ

আটক এক

 জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ক্যাম্পাসে (ভোকেশনাল শাখার) নবম শ্রেণির এক ছাত্রীর উপর উপজেলার নিজপাট যশপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. আবু ছাইফের বিরুদ্ধে চেতনানাশক স্প্রে নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের গভার্নিং বডির সাবেক সভাপতি ফারুক আহমদ বলেন, বখাটে ছাত্রকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়েই বখাটে ছাত্রকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করি এবং জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ছাত্রীর অবস্থা জেনেছি। পরিবারের পক্ষ হতে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।