বিশ্ব শ্রমবাজারে বাড়ছে দক্ষ কর্মীদের চাহিদা। বাংলাদেশ এ বাজার ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের নার্সদের মানসম্মত প্রশিক্ষণে সহায়তা এবং নার্স নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে এমপি এ আগ্রহের কথা জানান। বাংলাদেশে নার্স প্রশিক্ষণ সেন্টার চালু এবং প্রশিক্ষণের মান উন্নয়ন ও বৃটিশ স্বীকৃতি অর্জনে সহযোগিতার করার বিষয়ে উপদেষ্টা সালমান এফ রহমানকে আশ্বস্ত করেন তিনি।
উপদেষ্টা সালমান এফ রহমান রোগীদের স্বাস্থ্য সেবা সাশ্রয়ী মূল্যে সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষ অ্যাপ ও কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়টি উত্থাপন করলে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী আগ্রহ সহকারে তা শোনেন এবং এ বিষয়ে যৌথভাবে কাজ করতে এবং কারিগরী সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও বৃটেনে বসবাসরত বহুজাতিক জনগৌষ্ঠির মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশে কল-সেন্টার স্থাপন বিষয়েও ফলপ্রসু আলোচনা অনষ্ঠিত হয়।
আলোচনায় বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।