বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম সাংবাদিক একাদশের অংশগ্রহণে শেখ রাসেল স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর বিকাল ৩টায় জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ছবি: ইত্তেফাক

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়রম্যান তহমিনা বেগম। অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলনসহ অনেকেই।

টুর্নামেন্টের ৩টি ম্যাচে সাংবাদিক একাদশ ১টি ও উপজেলা ক্রীড়া সংস্থা ২টিতে জয় লাভ করে। শেষ ম্যাচে ক্রীড়া পরিষদ ১৬ ওভারে ১০৫ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১২ ওভার ২ বলে ৯ উইকেটে বিজয় অর্জন করে। এতে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।

বিজয় দিবসের আয়োজক কমিটির সভাপতি ইউএনও সজল চন্দ্র শীল বলেন, বিজয়ের ধারা অব্যাহত রাখতে এ উপজেলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ তাদের সার্বিক খোঁজখবর নেওয়া ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয়ের এই উদযাপন চঞ্চল, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করতে সহায়ক হয়েছে।