কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরবক্ত মিয়া (৭৫) নামের এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১১ ডিসেম্বর বিকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত নুরবক্ত মিয়া নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী-শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমার বাবা গত রোববার (১১ ডিসেম্বর) বিকালে বকুলতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পশ্চিম ফুলমতি গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুল্যা (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেদিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দশটার দিকে তিনি মারা যান।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।