বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের ছেলে মেয়েদের বিশ্বের মধ্যে সবদিক দিয়ে আধুনিক হতে হবে। তাহলেই আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র শুভ উদ্বোধন শেষে একথা বলেন।
চিফ হুইপ বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঋণী করে দিয়েছে।ভোটের মাধ্যমে আমাদের সেই ঋণ শোধ করতে হবে। আমাদের আগের স্বপ্ন ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার। সেটা এখন আমাদের হয়েছে। তবে এখন আমাদের একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, বিএনপির নেতারা বলেছিলো ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এইসব ভাওতাবাজি তারা আগেও দিছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই রকমভাবে অনেক ১০ তারিখ চলে যাবে, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। নতুন প্রজন্মের জন্য, আমাদের জন্য দরকার শেখ হাসিনার সরকার।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, সিভিল সার্জন মো. মুনীর আহমেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন খানসহ অনেকেই ।