আমাদের দেশে তরুণসমাজের অনেকেই ধূমপানকে স্মার্টনেস মনে করে। ফলে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। চিকিত্সা বিষয়ক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে ১০টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী ধূমপান। এর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই চীন, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার নাগরিক। ঐ চারটি দেশের ধূমপায়ীর সংখ্যার সঙ্গে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন্স, জাপান, ব্রাজিল আর জার্মানির ধূমপায়ীর সংখ্যা যোগ করলে, তা বিশ্বের মোট ধূমপায়ীর সংখ্যার প্রায় সাড়ে ৬৩ শতাংশ হবে। এছাড়া একটি সিগারেটে থাকে প্রায় ৪০০০ হাজার রাসায়নিক বিষাক্ত পদার্থ। ধূমপানকে নিরুত্সাহিত করার জন্যও প্রতি বছর সিগারেটের দাম বাড়ানো হচ্ছে। কিন্তু সে হারে কমছে না ধূমপায়ীর সংখ্যা। তরুণসমাজের অনেকেই ধূমপান করে স্মার্টনেস জাহির করতে চায়। ধূমপান সাধারণত শুরু হয় তরুণ বয়সে। তাই এই বয়সেই নিয়ন্ত্রণ করতে হবে এই বাজে অভ্যাসের। ধূমপান যে গৌরবের কোনো বিষয় নয়, এটা বোঝাতে হবে তাদের। ধূমপানে স্মার্টনেস নয়, অধূমপানেই প্রকৃত স্মার্টনেস।
হাসান তাসনিম শাওন
ঢাকা বিশ্ববিদ্যালয়