নারায়ণগঞ্জ-সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) সকালে এবং শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লক্ষ্মীপুরের রায়পুরের মীর বাড়ি কেরোয়া এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে সৈয়দ মারুফ হোসেন (২৭) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোকছেদ আলী সরকারের ছেলে মাসুদ সরকার (৫৬)।

প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার সাজেদা হাসপাতালের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এফ এম আবুল কালাম আজাদ জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ি মারুফের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করে। সেখানে মাসুদ সরকারের অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।