রাজিবপুরে এসিল্যান্ডের পদশূন্য, ইউনিয়নের ভূমি কর্মকর্তাদের বেতন বন্ধ

১৪ মাস ধরে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) পদশূন্য রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সেবাগ্রহীতা। তবে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে আছেন ইউএনও। নিজ দাপ্তরিক কাজের ব্যস্তার কারণে হিমশিম খাচ্ছেন তিনি।

রবিবার (১৮ ডিসেম্বর) এসিল্যান্ড অফিসে নাম জারি খারিজের জন্য আসেন উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া। তিনি বলেন, ৯ শতক জমি খারিজের জন্য প্রায় তিন মাস ধরে এই অফিসে ঘুরতেছি। এসিল্যান্ড না থাকায় আমার জমির নামজারি এখনো হয়নি। খারিজ না হওয়ায় বিপদে মধ্যে আছি।

রাজিবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুছ ছালাম জানান, দীর্ঘদিন যাবৎ এসিল্যান্ড না থাকায় এই উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বেতন প্রায় তিন মাস বন্ধ ধরে বন্ধ রয়েছে। সেবাগ্রহীতারাও অনেক কষ্ট করে অফিসে এসে ঘুরে যায়।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অমিত চক্রবর্ত্তী বলেন, একইসঙ্গে দুইপদে দায়িত্ব পালনে একটু হিমশিম খাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

২০২১ সালের ৩০ অক্টোবর মাস থেকে এ উপজেলায় এসিল্যান্ডের পদশূন্য রয়েছে।